অপহরণ করে নির্মম নির্যাতন, ব্যবসায়ীকে হত্যাচেষ্টা: থানায় অভিযোগ
মোঃজোনায়েদ হোসেন জুয়েল
ষ্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জে পূর্ববিরোধের জেরে এক ব্যবসায়ীকে অপহরণ করে অমানবিক নির্যাতনের মাধ্যমে হত্যাচেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় তিনি বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এ ঘটনায় আহতের বাবা ইউপি সদস্য মোঃ হাদিছ মিয়া কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ মডেল থানার কাটাবাড়ীয়া পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বাবুল মিয়া দীর্ঘদিন ধরে “নিঝুম রেস্তোরা” নামে একটি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ব্যবসা পরিচালনাকে কেন্দ্র করে স্থানীয় একটি চক্রের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। এর আগে চাঁদা দাবির ঘটনায় দায়ের করা একটি মামলায় প্রধান অভিযুক্ত মোঃ হাকিম বর্তমানে কারাগারে রয়েছেন। অভিযোগ অনুযায়ী, ওই মামলার জের ধরে দীর্ঘদিন ধরে হাকিমের স্বজন ও সহযোগীরা বাবুল মিয়াকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
অভিযোগে বলা হয়, গত ৩১ মার্চ ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ একদল সশস্ত্র দুর্বৃত্ত নিঝুম রেস্তোরায় ঢুকে প্রকাশ্যে বাবুল মিয়াকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় রেস্তোরায় থাকা কর্মচারী ও স্থানীয়রা আতঙ্কে কোনো প্রতিবাদ করতে পারেননি। পরে তাকে কাটাবাড়ীয়া মোড়ে অবস্থিত একটি পরিত্যক্ত রাইস মিলের ভেতরে নিয়ে আটকে রেখে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা চালানো হয়।
নির্যাতনের সময় হামলাকারীরা ধারালো রামদা, লোহার রড, হকিস্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। আত্মরক্ষার চেষ্টা করলে তার দুই হাত, দুই পা এবং শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গুরুতর জখম করা হয়। নির্যাতনের একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে যায় এবং মামলা তুলে না নিলে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত ও অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে হুমকি দেওয়া হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এই নৃশংস হামলার ঘটনা ঘটেছে। তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে ভুক্তভোগীর পরিবার। এলাকাজুড়ে এ ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com