কমিউনিটি পুলিশিং সভায় নিরাপদ সমাজ গঠনে পুলিশ-জনতার যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব
মোঃজোনায়েদ হোসেন জুয়েল
ষ্ট্যাফ রিপোর্টার,
সামাজিক অপরাধ প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কিশোরগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ ও জনসাধারণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং তথ্য বিনিময় জোরদারের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এছাড়া নবগঠিত কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যমান সমস্যা এবং তা মোকাবিলায় করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।
আলোচনায় মাদক, কিশোর গ্যাং, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, চুরি, ছিনতাই, চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত পুলিশকে জানাতে এবং নিজ নিজ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, একটি নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অপরিহার্য। কমিউনিটি পুলিশিংয়ের মূল উদ্দেশ্যই হলো জনগণকে সম্পৃক্ত করে অপরাধ প্রতিরোধে কার্যকর সামাজিক ব্যবস্থা গড়ে তোলা। জনগণ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অপরাধ দমন এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
সভায় জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জনগণের সহযোগিতা নিয়ে অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ কিশোরগঞ্জ গড়ে তুলতে জেলা পুলিশ ভবিষ্যতেও আন্তরিকভাবে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।