চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যু
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা এলাকায় বন্যার পানিতে গোসল করতে গিয়ে একই গ্রামের পাঁচ কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে চর চাকলা মরা নদীর ধারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। নিহতরা হলো—মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আদিবা (৯), নেজাম উদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরিফা খাতুন (১১)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ পুরুষ মসজিদে এবং নারীরা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পাঁচ কিশোরী বাড়ির পাশে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে তারা পরিবারের কাউকে না জানিয়ে দলবেঁধে চর চাকলা মরা নদীর ধারে বন্যার পানিতে গোসল করতে যায়।
স্থানীয় বাসিন্দা কবিরুল ইসলাম জানান, মেয়েরা একই সঙ্গে পানিতে নামার পর কিছুক্ষণের মধ্যেই পানিতে ডুবে যায়। তাদের কেউ সাঁতার জানত না বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু একে একে পাঁচজনকেই পানির নিচ থেকে উদ্ধার করা হলেও তাদের আর বাঁচানো সম্ভব হয়নি। একই গ্রামের পাঁচ কিশোরীর একসঙ্গে পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় চর চাকলা এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
স্থানীয়রা বলছেন, বন্যার পানি ও নদী-খাল এলাকায় শিশু-কিশোরদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকা জরুরি। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ পানিতে শিশুদের গোসল ও চলাচল বন্ধে স্থানীয়ভাবে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com