চাকার হাওয়া দিতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারালেন হাইওয়ে পুলিশ কনস্টেবল :
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে দায়িত্ব পালনকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের গাড়ির চাকার হাওয়া দেওয়ার সময় ধানের কুড়াবোঝাই একটি ট্রাক উল্টে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম মো. পারভেজ আহমেদ (৩৪)। তিনি ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার আনোয়ার আলীর ছেলে।
পুলিশ জানায়, এটিএসআই জাকির হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল নিয়মিত টহলে ছিল। টহলের সময় পুলিশের গাড়ির একটি চাকায় হাওয়া কমে গেলে দ্বাড়িয়াকান্দি এলাকার একটি টায়ার মেরামতের দোকানের সামনে গাড়িটি থামানো হয়। এ সময় চাকার হাওয়া দেওয়ার কাজ চলছিল।
ঠিক তখন ভৈরব থেকে কিশোরগঞ্জগামী ধানের কুড়াবোঝাই একটি ট্রাক একটি সিএনজিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুলিশের গাড়ির ওপর পড়ে। এতে গাড়িতে থাকা অন্য সদস্যরা বের হতে পারলেও কনস্টেবল পারভেজ আহমেদ ট্রাকের নিচে চাপা পড়েন।
পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, কনস্টেবল পারভেজ আহমেদ প্রায় সাড়ে ১৫ বছর আগে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তার মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com