ফুলপুরে সংসদ সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মাদুল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য, অশালীন ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের ফুলপুর উপজেলা শাখা।
শনিবার ফুলপুরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবু নাঈম, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি আহমদ উল্লাহ,সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা।
লিখিত বক্তব্যে মাওলানা আনিসুর রহমান বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি আইডি থেকে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১১-দলীয় জোট-সমর্থিত ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মাদুল্লাহকে উদ্দেশ্য করে আপত্তিকর, অশালীন ও হুমকিমূলক বক্তব্য প্রচার করা হয়েছে বলে তাঁদের অভিযোগ। অভিযোগে উল্লিখিত বক্তব্য সংশ্লিষ্ট ব্যক্তির হয়ে থাকলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি।
তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা সংবিধান-স্বীকৃত অধিকার। তবে সেই স্বাধীনতার নামে কাউকে অশালীন ভাষায় আক্রমণ, মানহানিকর মন্তব্য বা ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তা অবশ্যই শালীনতা, আইন ও গণতান্ত্রিক মূল্যবোধের সীমার মধ্যে থাকতে হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার পক্ষ থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ সোহরাব হোসেনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, ঘটনার পেছনে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উসকানি, সহযোগিতা বা পরিকল্পিত সম্পৃক্ততা রয়েছে কি না তা নিরপেক্ষভাবে তদন্ত এবং ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কেউ যাতে ঘৃণা, সহিংসতার উসকানি বা ব্যক্তিগত হুমকি ছড়াতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সংগঠনের যৌক্তিক দাবিগুলো উপেক্ষা করা হলে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তবে তারা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়ার আহ্বান জানায় না। একই সঙ্গে সবাইকে শান্ত, সংযত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনের শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত, নিরপেক্ষ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় না আনে, তাহলে দলীয় হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com