মাগুরায় পৌর যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিনিধি :
মাগুরা পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ সাকের হোসেন এর হত্যার প্রতিবাদে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। এর আগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা। মানববন্ধনে সাকের হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার না করা হলে আমৃত্যু কর্মসূচি দেয়া হবে বলে জানান।
২৪(অক্টোবর) সকাল ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও জেলা বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হন।
এ সময় নেতৃবৃন্দ বলেন,অত্যন্ত দুঃখজনক যে সাকের হত্যার ৭২ ঘন্টা পেরোলেও প্রশাসন এখন পর্যন্ত কোন আসামিকে সনাক্ত করতে পারেনি,আমাদের দাবি খুব দ্রুত সময়ের মধ্যে সাকের হত্যার আসামিদেরকে সনাক্ত করে গ্রেপ্তার করতে হবে,এবং খুনি যতই শক্তিশালী এবং যে দলেরই হোক না কেন তাদের পরিচয় আমাদের কাছে পরিষ্কার করতে হবে। এবং এই মানববন্ধন থেকে আমরা তাদের ফাঁসির দাবী জানাচ্ছি। নেতারা বলেন,আসামিদের দ্রুত গ্রেপ্তার না করলে আমৃত্যু কর্মসূচি ঘোষণা দেয়া হবে।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে দুপুর ১২ঃ০০ টায় পৌরসভার পারনান্দুয়ালী বেপারী পাড়া জামে মসজিদের সামনে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা,এ সময় প্রায় এক ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। এলাকাবাসীর একটাই দাবি খুব দ্রুত খুনিদের সনাক্ত করে গ্রেফতার করতে হবে এবং তাদের পরিচয় আমাদের কাছে তুলে ধরতে হবে, প্রশাসন যদি অল্প সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করতে না পারে তাহলে প্রয়োজনে গ্রামের সকল মহিলাদের কে নিয়ে আমরা রাস্তায় নামবো।
আন্দোলন চলাকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সাথে কথা বলেন, পুলিশ অবরোধকারীদের দ্রুত আসামি গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। অবরোধকারীরা জানান ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার না হলে এর থেকেও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ২১ (অক্টোবর) বুধবার মাগুরা পৌর বাস টার্মিনাল থেকে পৌর যুবদল নেতা সাকের গুলিবিদ্ধ হন।পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবদল নেতা মাগুরা পারনান্দুয়ালী বেপারী পাড়ার মৃত কুতুবউদ্দিনের ছেলে। তিনি মাগুরা পৌর যুব দলের যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।