সাভারে কোটি টাকার হেরোইনসহ ছাত্রলীগ নেতা ‘গ্যাং হৃদয়’ গ্রেপ্তার।
নিজস্ব প্রতিবেদক।
ঢাকার সাভারে অভিযান চালিয়ে এক কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছাত্রলীগ নেতা মোঃ হৃদয় হোসেন ওরফে ‘গ্যাং হৃদয়’ (২৭) কে গ্রেপ্তার করেছে র্যাব- ৪।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজাশন এলাকার বিরুলিয়া রোডের আমতলা পালোয়ানপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়।
মঙ্গলবার বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই আব্দুল ওয়াহাব।
এর আগে আশুলিয়ার নবীনগর র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মোঃ শাহীনুর কবির সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত হৃদয় সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেওগাঁও পশ্চিমপাড়া এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। তিনি নিষিদ্ধ সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেলের অনুসারী বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হৃদয় দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে সাভার-আশুলিয়া, ধামরাইসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সাভার সদর ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ড এবং সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দেওগাঁও-রাজাশন এলাকায় একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে যুক্ত ছিলেন। মাদক ব্যবসার পাশাপাশি চাঁদাবাজি, কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে।
এছাড়া অভিযোগ রয়েছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি পরিচয় বদলে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। স্থানীয়দের দাবি, তার আপন ভাই সাভার থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মাহবুব হোসেন সামির, আরেক ভাই যুবদল কর্মী তাইজুল ইসলাম এবং সাভার থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাহীনসহ স্থানীয় প্রভাবশালী কয়েকজন নেতার ছত্রছায়ায় তিনি দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করেন। একই সঙ্গে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের নাম ভাঙিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানার ওসি আরমান আলী সাংবাদিকদের জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে থানায় রিমান্ডে থাকা হৃদয়ের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও একাধিক মাদক মামলাসহ বিভিন্ন মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত বিপুল পরিমাণ হেরোইনের চালানটি মূলত সাভার পৌরসভার সাবেক এক ছাত্রদল নেতার, যিনি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী। তিনি হৃদয়কে ব্যবহার করে মাদক পরিবহন করতেন। ইতোমধ্যে ওই বিএনপি নেতা দেশ ছেড়ে পালিয়েছেন।
তদন্তে আরও জানা গেছে, ওই বিএনপি নেতার হয়ে পাইকারি মাদক ব্যবসা পরিচালনায় হৃদয়ের পাশাপাশি তার ভাই মাহবুব হোসেন সামির, তাইজুল ইসলাম এবং ইমতিয়াজ আহমেদ শাহীন জড়িত। তারা বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com