অসামান্য প্রতিভা ও জীবন সংগ্রামের এক অনন্য নাম: ইলিয়াস হুসাইন
স্টাফ রিপোর্টার: মোঃ সেলিম রানা, সৌদি প্রবাসী
নাটোরের সিংড়া থানার চৌগ্রামের এক মধ্যবিত্ত পরিবারে ১৯৯৪ সালে জন্ম নেন মেধাবী ও প্রতিভাবান তরুণ ইলিয়াস হুসাইন। তিনি বর্তমানে গ্রামীণ ঐতিহ্যের ধারক-বাহক হিসেবে হাজারেরও অধিক কিচ্ছাপালা ও জারী গান রচনা করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন। শুধু তাই নয়, শতাধিক মৌলিক গান, কবিতা ও গল্পের স্রষ্টা এই প্রতিভাবান শিল্পী বর্তমানে ‘লস্কর’ নামের একটি চলচ্চিত্র নির্মাণে ব্যস্ত সময় পার করছেন।
মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া ইলিয়াস হুসাইন বড় হয়েছেন রাজশাহীর পুঠিয়া থানার ফুলবাড়ী হাজীপাড়া গ্রামে। দারিদ্র্যের কষাঘাতে শৈশব কেটেছে সংগ্রামে। জীবনের বাস্তবতা মেনে নিতে তিনি ছোটবেলা থেকেই বিভিন্ন পেশায় যুক্ত হন, পাশাপাশি কবিতা ও সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। নিজ প্রচেষ্টায় তিনি মিডিয়া বিষয়ে জ্ঞান অর্জন করে নিজের পথ তৈরি করেন।
ইলিয়াস হুসাইনের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘জানু স্বামী’, ‘কালাবাবু’, ‘বিয়ের সানাই’, ‘বেহুলার বিয়া’ ও ‘ব্যাচেলর’— যা শ্রোতাদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে।
নিজের জীবন সংগ্রামের কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
> “২০০৮ সালে বাবা মারা যাবার পর আমরা অসহায় হয়ে পড়ি। অনেক কষ্টে জীবন যাপন করে পড়াশোনা করতে পারিনি। রিক্সা ভ্যান চালিয়ে কোনো রকমে পেট পুরে খেতেই ঋণে পড়ে ছিলাম। অনেক কিছু হারিয়েছি, তবুও থেমে থাকিনি। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি।”
বর্তমানে তিনি নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইলমাছ মুভিজ’ এর মাধ্যমে নিয়মিত সামাজিক ও সচেতনমূলক ভিডিও নির্মাণ করে যাচ্ছেন। দারিদ্র্যকে জয় করে এই প্রতিভাবান শিল্পী আজ বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকসংগীত ও চলচ্চিত্র জগতে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে চলেছেন।