ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে রাণীশংকৈলে মশাল মিছিল
ঠাকুরগাঁও প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু
ঢাকা–৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবং ২৪'র জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতা শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর এলাকায় প্রতিবাদী মিছিলে উত্তাল হয়ে ওঠে শুক্রবার রাত।
১২ ডিসেম্বর রাত প্রায় সাড়ে ৯টার দিকে সাধারণ জনগণের ব্যানারে শিবদিঘি মোড় থেকে বিক্ষোভটি শুরু হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তৃতা করেন ছাত্রসমন্বয়ক তারেক মাহমুদ ও হাবিব, ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা সাব্বির হোসেন, এনসিপির নেতা ডা. শাহজাহান আলী, গণ–অধিকার পরিষদের মামুনুর রশিদ মামুনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, শরিফ ওসমান হাদির ওপর যে নৃশংস হামলা হয়েছে তা দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিক্ষোভকারীরা এ সময় স্লোগানের মাধ্যমে নিরাপদ রাজনৈতিক পরিবেশ ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।