রাজশাহীতে অবৈধ পুকুর খনন বন্ধে বাধা দিতে গিয়ে ভ্যেকুর নিচে প্রাণ গেল কৃষকের
স্টাফ রিপোর্টার | রাজশাহী
রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধে বাধা দিতে গিয়ে এক্সভেটরের (ভ্যেকু) নিচে চাপা পড়ে জুবায়ের আলী (২৫) নামে এক তরুণ কৃষক নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জুবায়ের আলী ওই গ্রামের রফিজ উদ্দিনের ছেলে। ঘটনার পরপরই পুলিশ এক্সভেটর চালক আব্দুল হামিদকে (২৮) আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বড় পালশা গ্রামের আনিসুজ্জামান রহমান বকুল এবং মুনতাজ হাজির ছেলে রুহুল আমিন ও রুবেল হোসেন অনুমতি ছাড়াই কৃষিজমিতে এক্সভেটর দিয়ে পুকুর খননের কাজ চালাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে রাতের দিকে স্থানীয় কৃষকরা সেখানে গিয়ে বাধা দেন। এ সময় খননকারীদের নির্দেশে এক্সভেটর চালানো হলে জুবায়ের আলী যন্ত্রের নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা রফিজ উদ্দিন অভিযোগ করে বলেন, কোনো ধরনের অনুমতি না নিয়ে জোরপূর্বক কৃষিজমিতে পুকুর খনন করা হচ্ছিল। এতে বাধা দিতে গেলে পরিকল্পিতভাবে তার ছেলেকে ভ্যেকু চাপা দিয়ে হত্যা করা হয়েছে।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই রাতের আঁধারে পুকুর খনন করা হচ্ছিল। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।