তানোরে প্রয়াত সাংবাদিক মামুনুর রশীদ মামুনের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল
মামুনুর রশিদ মামুন স্টাফ রিপোর্টার তানোর রাজশাহী।
রাজশাহীর তানোরে দৈনিক আমার দেশ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি ও তানোর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক
প্রয়াত সাংবাদিক মামুনুর রশীদ মামুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার তানোর প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এই শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার সম্মানিত আমির মাওলানা আলমগীর হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর ও আদর্শ বণিক সমিতির সভাপতি ও সেক্রেটারি, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সালাউদ্দিন, আজগর আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শোক সভায় বক্তারা বলেন, “মৃত্যু অবধারিত সত্য—একদিন সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই জীবনের প্রতিটি মুহূর্ত নেক আমল ও মানবকল্যাণে ব্যয় করা উচিত।” তারা প্রয়াত সাংবাদিক মামুনুর রশীদ মামুনকে একজন সৎ, নিষ্ঠাবান ও সাহসী সাংবাদিক হিসেবে উল্লেখ করে বলেন, তার অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারিয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।
দোয়া মাহফিলে তানোর উপজেলা প্রেস ক্লাব, তানোর প্রেস ক্লাবসহ বিভিন্ন প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন তানোর থানা মসজিদের পেশ ইমাম।