কসবায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন: দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
মো: হাবিব খানঁ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অপরাধে রিপন মিয়াকে (পিতা: আরব আলী) ২০ হাজার টাকা এবং সেলিম মিয়াকে (পিতা: আব্দুল ওহাব) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের ফলে পরিবেশ ও জনস্বার্থের ক্ষতি হচ্ছে। প্রশাসনের অনুমতি ছাড়া কৃষি জমি বা নদী থেকে মাটি ও বালু কাটা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।