আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় দলটি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মনোনয়ন পেয়েছেন পটুয়াখালী-৩ আসনে। অন্যদিকে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান মনোনয়ন পেয়েছেন ঝিনাইদহ-৪ আসনে।এ নিয়ে শরিক ও জোটভুক্ত দলগুলোর জন্য আরও ৭টি আসন ছেড়েছে বিএনপি। ছাড় দেওয়া আসনগুলোতে বিএনপি কোনো প্রার্থী না দিয়ে জোট শরিকদের সমর্থন দেবে।
আসনগুলো হচ্ছে– ঢাকা-১২ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া-২ নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালী-৩ গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ গণঅধিকার পরিষদের রাশেদ খান, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকি, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার এবং যশোর-৫ আসনে মুফতি রশিদ বিন ওয়াক্কাস।
এর আগে রাশেদ খান তার মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। সেই আলোচনায় আমাকে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী করা হবে বলে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকায় নির্বাচনের আগে জনসভা করবেন এই শর্তে আমি ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী হতে রাজি হয়েছি। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে বিএনপি।