ছেলের অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মায়ের মৃত্যু
মো: হাবিব খানঁ
ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি
কসবা ২৬ ডিসেম্বর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছেলের চালানো ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাসুমা বেগম (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে কসবা–নয়নপুর সড়কের আকছিনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুমা বেগম উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর গ্রামের কবির হোসেনের স্ত্রী।
যেভাবে ঘটল দুর্ঘটনা
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে জরুরি প্রয়োজনে ওষুধ কেনার জন্য ছেলের সঙ্গে অটোরিকশায় করে কসবা বাজারের দিকে যাচ্ছিলেন মাসুমা বেগম। পথিমধ্যে পশ্চিম ইউনিয়নের আকছিনা নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে মাসুমা বেগম অটোরিকশা থেকে ছিটকে সড়কের ওপর পড়লে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়।
উদ্ধার ও পরবর্তী অবস্থা
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা করছে বলে জানা গেছে