কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
শরিফুল ইসলাম টাঙ্গাইল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল–৪ (কালিহাতী) সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুর থেকে বিকেল পর্যন্ত কালিহাতী উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলামের নিকট পর্যায়ক্রমে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
দুপুর ১২টা ২৫ মিনিটে বাংলাদেশ জাতীয় পার্টি থেকে প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী মনোনয়নপত্র জমা দেন। এসময় উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজ তালুকদার, সভাপতি আব্দুল রাজ্জাক, সেক্রেটারি মোঃ এখলাছ মন্ডলসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দুপুর ১২টা ৪৩ মিনিটে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী ও এমপি লতিফ সিদ্দিকীর পক্ষে তার প্রতিনিধিরা মনোনয়নপত্র দাখিল করেন। প্রতিনিধিদলে ছিলেন কামাল হোসেন ভূঁইয়া (প্রিন্সিপাল, আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়), আবুল কাশেম (প্রধান শিক্ষক, করিমুন্নেসা উচ্চ বিদ্যালয়), মোঃ ফরিদ আহমেদ (পিএস), আব্দুর রাজ্জাক সিদ্দিকী ও হাফেজ মাওলানা রুহুল আমিন।
দুপুর ১২টা ৫৮ মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব লুৎফর রহমান মতিন মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, মহর আলী, এস এম এ খালিদ, মোঃ আলম তালুকদার, রফিকুল ইসলাম রফিকসহ উপজেলা, পৌর ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিকাল ৩টা ৪৫ মিনিটে বিএনপির পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া মনোনয়নপত্র জমা দেন। তিনি মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি এবং ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি।
বিকাল ৪টা ৩৫ মিনিটে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে প্রার্থী আমজাদ হোসেনের পক্ষে উপজেলা সভাপতি মোজাম্মেল হক লাভলু, সাধারণ সম্পাদক মোঃ জামিল আল মামুন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়া মনোনয়নপত্র দাখিল করেন।
বিকাল ৪টা ৫০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ আলী মিয়া, সেক্রেটারি এসএম এনামুল হক মাস্টার ও সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ বাকি বিল্লাহ।
সবশেষে বিকাল ৪টা ৫৫ মিনিটে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ডা. শাহ আলম তালুকদার মনোনয়নপত্র দাখিল করেন। তিনি বিএনপির ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য হিসেবে পরিচিত।
এদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ, বিএনপির বেনজির আহমেদ টিটো এবং এনসিপির প্রার্থী মেহেদী হাসান বিন সাদিক মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্ধারিত সময়ের মধ্যে জমা দেননি বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
সারাদিন কালিহাতী উপজেলা পরিষদ কার্যালয় ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতিতে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি