কৃষক ও খামারিদের গোয়ালঘর থেকে প্রায়ই গরু-ছাগল চুরি হচ্ছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে অনেক পরিবার। এর প্রতিকার চেয়ে পাবনার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদীবাসীর সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরের ইউনিয়নের কোলাদী বড় বটতলা, চারাবটতলা, থেকে সেওলিবাজার পর্যন্ত হাজারো এলাকাবাসীর অংশগ্রহণে কর্মসূচি পালন করেন।
বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড, ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন তাঁরা।
বক্তারা বলেন, গত ৫ আগস্ট পরে এই দেড় বছরে প্রায় ৪০ জন কৃষকের শতাধিক গরু ও অন্তত ১০টি ছাগল চুরি হয়েছে। এ নিয়ে অভিযোগ দেওয়ার পরও ব্যবস্থা নেওয়া হয় না। চোরদের বিষয়ে প্রমাণ থাকার পরও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এলাকার প্রভাবশালী কিছু মহলও এর সঙ্গে জড়িত।
বক্তারা আরো বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পরও গরু চুরি হওয়া খুবই দুঃখজনক। এলাকার কৃষকরা নিঃস্ব হয়ে গেছে। রাত জেগে পাহারার ব্যবস্থা দিয়েও থামানো যাচ্ছে না চুরি।
তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে গরু চোর আটক করতে না পারলে আরো বড় কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ কাজ করছে একটু সময় দিলে আমরা ভালোভাবে কাজ করতে পারব। ঘটনাস্থল পরিদর্শন করেছি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ খান, শামসুর রহমান মাস্টার, ইউপি সদস্য কোরবান আলী খান, আব্দুল খালেক খান, সাইদুল ইসলাম ছাপ্পান, আব্দুল বারী, আব্দুল্লাহীল কাফি, ওয়াহিদুজ্জামান স্বপন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোস্তাফিজুর রহমান জিসান প্রমুখ।