কালিহাতীতে জমি বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি
শরিফুল ইসলাম টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা রায়পাড়া গ্রামে পৈত্রিক জমি ও পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের একাধিক সদস্যের ওপর হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে। বিষয়টি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে কালিহাতি থানায় লিপিবদ্ধ করার আবেদন করা হয়েছে।
ভুক্তভোগী মোঃ জামাল হোসেন (৫০) অভিযোগ করে জানান,উপজেলার বল্লা রায়পাড়া গ্রামের তার চাচাতো ভাতিজা মোঃ শহিদ (৫১), আরিফ (৪০), আসিফ (২২) ও শাহিন (৪৫)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে পৈত্রিক জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।
জিডিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে পৈত্রিক জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৪ জানুয়ারি বিকাল আনুমানিক ৩টার দিকে অভিযুক্তরা জামাল হোসেনের বাড়িতে এসে কথা কাটাকাটির একপর্যায়ে তার ভাবী সুফিয়া বেগম (৪৫) ও খাহিমা বেগম (৪২)-কে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম হয়।
এ সময় অভিযুক্তরা বাড়ির টিনের বেড়া ভেঙে আনুমানিক ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে বলে অভিযোগ করা হয়।
পড়ে স্থানীয়দের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে একই দিন রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে অভিযুক্তরা বল্লা রায়পাড়া এলাকার একটি মসজিদের সামনে জামাল হোসেনের ভাই হারুন (৫৫)-কে বাঁশের লাঠি ও লাথি দিয়ে মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগ করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকেও পালিয়ে যায়।
আহতদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
জামাল হোসেন আরও জানান, অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দিয়ে আসছে যে, সুযোগ পেলে তারা তাকে ও তার পরিবারের সদস্যদের মারধরসহ প্রাণনাশ করবে। এ কারণে পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
এ বিষয়ে কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগের বিষয়ে একটি সাধারণ ডায়েরির আবেদন পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।