ফরিদপুরে মধুখালী হতে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে অভিযান চালিয়ে পাইপগান ও কার্তুজসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন পাশের রাজবাড়ী জেলার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।
গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী জেলার আখশুকনা গ্রামের মন্মথ নাথ ঘোষের ছেলে মাধব ঘোষ (৩৬) এবং একই গ্রামের অরবিন্দু শিকদারের ছেলে অসীম শিকদার (২১)।
আজ সোমবার বিকেলে তাদের ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, গতকাল রোববার রাত আনুমানিক ১০টার দিকে নিশ্চিন্তপুর গ্রামের গোলাম নবীর কাঁঠালবাগানে সন্দেহজনকভাবে অবস্থানকালে স্থানীয়রা তাদের আটক করে। পরে বিষয়টি জানানো হলে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
এ সময় আটককৃতদের তল্লাশি করে একটি পাইপগান ও দুটি সিসার কার্তুজ উদ্ধার করা হয়। এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, মাধব ঘোষ রাজবাড়ী জেলার অপরাধ জগতের পরিচিত মুখ। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তাকে আইন-শৃঙ্খলা বাহিনী খুঁজছিল।
উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।