
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান: ফরিদপুরে ভেজাল সিগারেট ও চা-পাতার কারখানা বন্ধ
মো: জান্নাতুল নাইম
ক্রাইম রিপোর্টার ফরিদপুর জেলা
দীর্ঘদিন ধরে গোপনে চলছিল নকল সিগারেট ও ভেজাল চা-পাতা প্রস্তুতের কারবার। অবশেষে প্রশাসনের অভিযানে ধরা পড়ল সেই চক্র। রবিবার দুপুরে ফরিদপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের গুহলক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ কারখানা সিলগালা করা হয়েছে।
ফরিদপুর জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজিদ ইকোর নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পুলিশ ও র্যাব সদস্যরা।
অভিযানে বিপুল পরিমাণ ভেজাল সিগারেট উদ্ধার করা হয়। মোট ৫৫৪ প্যাকেট সিগারেট জব্দ করা হয়েছে, যার মধ্যে Moon Star, DON, STAR, Royal, Top Light ও Padma ব্র্যান্ডের প্যাকেট রয়েছে। এছাড়াও প্রায় ২০০ কেজি ভেজাল চা-পাতা ও বিপুল পরিমাণ প্যাকেটজাত মোড়ক উদ্ধার করা হয়।
প্রশাসন সূত্র জানায়, প্রায় ৫ লাখ ৫৪ হাজার টাকার। নকল সিগারেট ও ভেজাল চা-পাতা জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযানের আগে প্রায় ১০ হাজার প্যাকেট Benson সিগারেট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
অভিযানের সময় ডিপোর মালিকপক্ষ কোনো বৈধ লাইসেন্স বা অনুমোদনপত্র দেখাতে পারেনি। ফলে কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়। একই সঙ্গে মানহীন ও ভেজাল পণ্য ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় দুই পরিচালককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনগণকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।