ফরিদপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যের বিরুদ্ধে অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা
ফরিদপুরে ভেজাল খাদ্য, নকল ওরস্যালাইন, অনুমোদনহীন তেল উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণের অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসন। বুধবার জেলার কানাইপুরসহ বিভিন্ন এলাকায় জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জরিমানা করা হয়।
অভিযানকালে নকল ওরস্যালাইন, বিএসটিআই লোগো ছাড়া অনুমোদনহীন সরিষার তেল ও সয়াবিন তেল উৎপাদন এবং পচা-বাসি ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেসার্স নিমলেন্দ সাহা এন্ড সন্স-এর প্রোপাইটর নিরঞ্জন সাহাকে ২ হাজার টাকা, কানাইপুর বাজারের ব্যবসায়ী মোঃ সেকেন্দারকে ভেজাল গুড় বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রুপা ফুড প্রোডাক্টস-এর মালিক মোহাম্মদ জাফর মোল্লাকে অনুমোদিত ৭টি পণ্যের বাইরে আরও ১০টি পণ্য উৎপাদনের অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে নিরাপদ খাদ্য আইনের আওতায় মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাদ্য সংরক্ষণের অভিযোগে মোহাম্মদ নাজমুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদন: সাংবাদিক মোঃ সাজ্জাদ হোসেন।