পাকুন্দিয়ায় অস্ত্র, ওয়াকিটকি ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার
মোঃজোনায়েদ হোসেন জুয়েল
ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, ওয়াকিটকি এবং ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেনের নির্দেশনায় এবং পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমানের তত্ত্বাবধানে মাদক ও সন্ত্রাসবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। গত ৫ এপ্রিল এসআই মধুসূদন সরকারের নেতৃত্বে আশুতিয়া এলাকায় অভিযান চালিয়ে দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীকে আটক করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে একটি কুড়াল, দুটি ছুরি, তিনটি স্টিলের লাঠির করাত, দুটি স্টিলের তলোয়ার, একটি করাত, দুটি ওয়াকিটকি এবং ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৮৭৮ সালের ১৯(ফ) ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মো. মন্টু মিয়া (২০) নামে এক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।