ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১
শংকর দাস পবন,স্টাফ রিপোর্টার
ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর (৩৫) নিহত হয়েছেন।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি তার ভাই সৌকত নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঝালকাঠির উদ্দেশ্যে আসার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে আরোহী হুমায়ুন কবির সাগর ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় মোটরসাইকেলের চালক, ঝালকাঠি স্টেশন রোড এলাকার ব্যবসায়ী থাই সোহেল গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।