গোবিন্দগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ এক মাদক কারবারি আটক*
_মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা_
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ বাবুল আহমেদ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত পালসার ১৫০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তল্লাশি করে দুটি ব্যাগে মোট ১৫ কেজি শুকনা গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা এবং মোটরসাইকেলের মূল্য প্রায় ২ লাখ টাকা।
গ্রেফতার বাবুল আহমেদ বগুড়া জেলার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।