মাগুরা সদরে পানিতে পড়ে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
মাগুরার সদর উপজেলার বজ্রুক শ্রীকুন্ঠি বালিয়াডাঙ্গা এলাকায় ডোবায় জমে থাকা পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো বালিয়াডাঙ্গা গ্রামের মো. লিটন মিয়ার মেয়ে নূসরাত (৭) এবং একই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে নাঈম (৬)। তারা সম্পর্কে ফুপু-ভাতিজা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির উঠানে খেলাধুলা করছিল দুই শিশু। সকাল ১০টার দিকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবার ধারে শিশু দুটির স্যান্ডেল দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়। পরে তারা ডোবায় নেমে খোঁজ করতে থাকেন। কিছুক্ষণ পর পানির ভেতর থেকে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়।
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডা. ইমরান বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় দুই শিশুকে হাসপাতালে আনার পর তারা মারা যায়।
মাগুরা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঢাক পোস্টকে বলেন, বালিয়াডাঙ্গা এলাকায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।