শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল আযহার জামাত
কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে ঈদগাহ মাঠ, থাকবে ড্রোন নজরদারি
মোঃজোনায়েদ হোসেন জুয়েল
ষ্ট্যাফ রিপোর্টার,
আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য ১৯৯তম ঈদ জামাত ঘিরে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। মুসল্লিদের নিরাপদ ও স্বস্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায় নিশ্চিত করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা।
মঙ্গলবার (২৬ মে) সকালে শোলাকিয়া ঈদগাহ ময়দানে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এসব তথ্য তুলে ধরেন।
তিনি জানান, ঈদগাহ মাঠ ও এর আশপাশের এলাকাজুড়ে একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মাঠে দায়িত্ব পালন করবে পুলিশ, র্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। এছাড়া পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে এবং ড্রোনের মাধ্যমে আকাশপথ থেকেও সার্বক্ষণিক নজরদারি পরিচালনা করা হবে।
পুলিশ সুপার আরও বলেন, ঈদ জামাতে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের যাতায়াত সহজ করতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। শহরের প্রধান সড়কগুলোতে যানজট নিয়ন্ত্রণে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করার জন্যও মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের কিছু নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, জায়নামাজ ছাড়া অন্য কোনো ব্যাগ, ছাতা, লাঠি কিংবা ধাতব সামগ্রী সঙ্গে না আনাই ভালো। পাশাপাশি নিরাপত্তা তল্লাশি নির্বিঘ্ন করতে নামাজের নির্ধারিত সময়ের আগেই মাঠে প্রবেশের অনুরোধ করা হয়।
তিনি বলেন, “ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদ জামাতকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা সতর্ক রয়েছি।”
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন এবং জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।