সুফিয়া-মান্নান যুব জাগরণ ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত
মোহাম্মদ জোনায়েদ হোসেন জুয়েল
ষ্ট্যাফ রিপোর্টার,
যুব সমাজকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত সুফিয়া-মান্নান যুব জাগরণ ফুটবল টুর্নামেন্ট (সিজন-২) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মে) বিকেল ৩টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুরন্ত স্পোর্টিং ক্লাব ও তরুণ সংঘ। প্রতিযোগিতাপূর্ণ ও রোমাঞ্চকর এ ম্যাচে দুরন্ত স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তরুণ সংঘ।
ফাইনাল খেলা উপলক্ষে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। স্থানীয় ক্রীড়াপ্রেমী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো মাঠ দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে।
ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন বিন্নাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফুর বারিক কোকন। তিনি বলেন, খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সৌহার্দ্য ও সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করে। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
এর আগে গত ২৯ মে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. আনিসুজ্জামান বাবুল। তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তাদের বিপথগামী হওয়া থেকেও রক্ষা করে।
ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জাতির ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির অন্যতম ক্ষেত্র। বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে। সুস্থ সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. তাজুল ইসলাম চপল, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাত, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ (সাদাম), সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অনিফ হাসান জান্নাতুল এবং সিনিয়র শিক্ষক মো. সাইফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মোবারক হোসেন সুমন, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন; হুমায়ুন কবীর মিল্লাতি, পরিচালক, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন মাদ্রাসা ও এতিমখানা; মো. আশিকুর রহমান তানভীর, নির্বাহী অফিসার, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন; আল রাবিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলার ধারাভাষ্য প্রদান করেন আনোয়ার পাশা, মাওলানা আবু হানিফ ও আল মামুন। তাদের প্রাণবন্ত উপস্থাপনা দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে তরুণদের মাদকাসক্তি, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলাভিত্তিক কর্মকাণ্ডের বিকল্প নেই। এ লক্ষ্যকে সামনে রেখেই সুফিয়া-মান্নান যুব জাগরণ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যুব সমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে প্রতিবছর এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা জানান।
উল্লেখ্য, সুফিয়া-মান্নান গণগ্রন্থাগার এর আয়োজনে এবং সুফিয়া-মান্নান ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। কয়েকদিনব্যাপী এ আয়োজন স্থানীয় যুবসমাজের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় আসরের সফল সমাপ্তি ঘটে।