‘Kolom App’ তৈরি করলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এনামুল, ১০ লাখ শিক্ষার্থীর কাছে পৌঁছানোর স্বপ্ন
নবম-দশম শ্রেণির স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক প্ল্যাটফর্মে বোর্ড বই, প্রশ্নব্যাংক, লেকচার শিট, ক্লাস ও শিক্ষামূলক তথ্য আনার উদ্যোগ
নিজস্ব প্রতিনিধিঃ
ডিজিটাল যুগে শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন থাকলেও পড়াশোনার প্রয়োজনীয় বই, সহায়ক উপকরণ, ক্লাস ও শিক্ষাসংক্রান্ত তথ্য খুঁজতে তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে যেতে হয়। এই অভিজ্ঞতা থেকে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী এক জায়গায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন এনামুল বিন বোরহান (Anamul bin Burhan)। তাঁর উদ্যোগে তৈরি ‘কলম অ্যাপ’ (Kolom App) ইতিমধ্যে গুগল প্লে স্টোরে প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে এসএসসি ও দাখিল পরীক্ষার্থী ২০২৭ ও ২০২৮ ব্যাচের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে অ্যাপটি তৈরি করা হয়েছে।
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার আছিরনগর গ্রামের বাসিন্দা এনামুল বর্তমানে উচ্চশিক্ষার জন্য রাশিয়ায় অবস্থান করছেন। তিনি মস্কো পলিটেকনিক ইউনিভার্সিটিতে ইনোভেটিভ মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর করছেন। তাছাড়া তিনি হিসাববিজ্ঞানে বিবিএ (সম্মান) সম্পন্ন করেছেন। এনামুল সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার ও ব্র্যান্ড স্পেশালিস্ট হিসেবেও কাজ করেন।
২০১৪ সাল থেকে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করছেন তিনি। দীর্ঘ প্রায় ১২ বছরের অভিজ্ঞতায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের এক হাজারের বেশি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন বলে জানান এনামুল। আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং ও প্রযুক্তিসংশ্লিষ্ট কাজে যুক্ত থাকলেও নিজের দেশের শিক্ষার্থীদের জন্য অর্থবহ কিছু তৈরি করার স্বপ্ন তাঁর অনেক দিনের।
এনামুলের ভাষ্য, দীর্ঘদিনের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর শিক্ষাসহায়ক প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছেন তিনি। সেই চিন্তা থেকেই কলম অ্যাপ তৈরির পরিকল্পনা।
‘কলম’ নামের পেছনে যে অনুপ্রেরণা
কলম অ্যাপের নামকরণের পেছনে রয়েছে ইসলামে জ্ঞান ও শিক্ষার গুরুত্ব থেকে পাওয়া অনুপ্রেরণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন তখন আল্লাহ তালা পবিত্র কুরআনের সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল করেন। সেখানে প্রথমেই আল্লাহ তালা বলেন পড়ো, তারপর তৃতীয় আয়াতে আবার পড়ার কথা উল্লেখ করেন। তারপর চতুর্থ আয়াতে একটি শিক্ষাসামগ্রীর কথা বলেন, সেটা হচ্ছে কলম। যিনি (আল্লাহ) কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন (সূরা আলাক্ব, আয়াত ৪)
এই শিক্ষার তাৎপর্য থেকেই ‘কলম’ নামটি বেছে নেওয়া হয়েছে। এনামুলের লক্ষ্য, এই নামের ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে জ্ঞান ও শিক্ষার উপকরণ আরও সহজে পৌঁছে দেওয়া।
এক প্ল্যাটফর্মে শিক্ষাসামগ্রী
কলম অ্যাপের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের পড়াশোনাকে আরও সহজ, সুশৃঙ্খল ও সহজলভ্য করা। অ্যাপটিতে রয়েছে স্কুলশাখার ৩৩টি এবং মাদ্রাসাশাখার ২২টি বোর্ড বই। পাশাপাশি রয়েছে প্রশ্নব্যাংক, লেকচার শিট, ফ্রি ক্লাস, শিক্ষামূলক নিউজ, ব্লগ এবং শিক্ষকদের পরামর্শ জানার সুযোগ।
অ্যাপটির অন্যতম উল্লেখযোগ্য দিক হলো এর শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যভান্ডার। এনামুলের দেওয়া তথ্য অনুযায়ী, এতে ২৭ হাজার ৮৩৫টি স্কুল ও ৯ হাজার ১৩৭টি মাদ্রাসার তথ্য রয়েছে। অর্থাৎ স্কুল ও মাদ্রাসা মিলিয়ে মোট ৩৬ হাজার ৯৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
সহজ ব্যবহারকে গুরুত্ব
অ্যাপ তৈরি করতে গিয়ে শিক্ষার্থীদের ব্যবহারিক অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন এনামুল। তাঁর পর্যবেক্ষণ, অনেক শিক্ষার্থী ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড মনে রাখতে কিংবা দীর্ঘ নিবন্ধনপ্রক্রিয়া অনুসরণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এ বিষয়টি বিবেচনায় রেখে কলম অ্যাপে মোবাইল নম্বর ও ওটিপি (OTP) দিয়ে যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
এনামুল বলেন, “হোয়াটসঅ্যাপের সহজ ব্যবহার অভিজ্ঞতা থেকে আমি একটি বিষয় শিখেছি। প্রযুক্তি মানুষের কাজে লাগাতে হলে সেটি ব্যবহার করাও সহজ হতে হবে। তাই আমরা চেয়েছি, শিক্ষার্থীরা যেন মোবাইল নম্বর দিয়ে সহজেই নিজেদের পরিচয় যাচাই করে অ্যাপে প্রবেশ করতে পারে। আগে থেকে অ্যাকাউন্ট থাকলে সেটিতে প্রবেশ করবে, আর নতুন ব্যবহারকারীর অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়াও সহজ হবে।”
শুধু বই বা প্রশ্নব্যাংক সরবরাহ করাই কলম অ্যাপের লক্ষ্য নয়। শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে সম্পর্কিত পরীক্ষা, বৃত্তি, শিক্ষা-সংক্রান্ত ঘোষণা ও প্রয়োজনীয় খবর এক জায়গায় তুলে ধরার পরিকল্পনাও রয়েছে। এ উদ্দেশ্যে অ্যাপটিতে শিক্ষামূলক নিউজ ও ব্লগের ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষকদের পরামর্শের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা পেতে পারবে।
পড়াশোনার পাশাপাশি প্রতিভা প্রকাশ
এনামুলের ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ তৈরি করা। তাঁর পরিকল্পনা, ভবিষ্যতে শিক্ষার্থীরা নিজেদের লেখা, রচনা, কবিতা, বক্তব্য ও সৃজনশীল কাজ কলম অ্যাপের মাধ্যমে অন্যদের সামনে তুলে ধরতে পারবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা একে অন্যের কাজ ও প্রতিভা দেখতে পারবে এবং নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পাবে।
এনামুলের মতে, ডিজিটাল মাধ্যমে শেখার সুযোগ বাড়লেও শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা গুরুত্বপূর্ণ। বিভিন্ন ভিডিও প্ল্যাটফর্মে পড়াশোনা করতে গিয়ে অনেক সময় শিক্ষার্থীরা এক কনটেন্ট থেকে অন্য কনটেন্টে চলে যায়। সে কথা মাথায় রেখে কলম অ্যাপকে পড়াশোনাকেন্দ্রিক একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চান তিনি। তাঁর মতে, মূল বইয়ের বিকল্প হিসেবে নয়, বরং প্রয়োজনের সময় যেকোনো স্থান থেকে বই ও সহায়ক উপকরণ ব্যবহারের সুযোগ তৈরি করাই ডিজিটাল শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক।
এসএসসি-দাখিল থেকে বৃহত্তর শিক্ষাপ্ল্যাটফর্ম
বর্তমানে নবম-দশম শ্রেণির এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের দিয়ে যাত্রা শুরু করলেও কলম অ্যাপের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আরও বিস্তৃত। পর্যায়ক্রমে পঞ্চম ও অষ্টম শ্রেণিসহ অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের যুক্ত করার পাশাপাশি এইচএসসি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিসিএস ও আইইএলটিএস প্রস্তুতির মতো ক্ষেত্রেও শিক্ষাসহায়ক উপকরণ নিয়ে কাজ করতে চান এনামুল।
তবে একসঙ্গে সব ক্ষেত্রে কাজ না করে শিক্ষার্থীদের চাহিদা ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে এগোনোর পরিকল্পনা রয়েছে তাঁর। বর্তমানে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের দিয়ে যাত্রা শুরু হলেও ভবিষ্যতে আরও বিস্তৃত শিক্ষাপরিসরে কাজ করার স্বপ্ন দেখছেন তিনি।
লক্ষ্য ১০ লাখ শিক্ষার্থী
কলম অ্যাপকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখছেন এনামুল। তাঁর দীর্ঘমেয়াদি লক্ষ্য অন্তত ১০ লাখ শিক্ষার্থীর কাছে এই উদ্যোগ পৌঁছে দেওয়া। এ জন্য শিক্ষার্থীদের প্রয়োজন, ব্যবহারকারীদের মতামত ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে অ্যাপটিকে ধাপে ধাপে উন্নত করার পরিকল্পনা রয়েছে।
এনামুল বলেন, “আমার স্বপ্ন হলো, বাংলাদেশের অন্তত ১০ লাখ শিক্ষার্থীর কাছে কলম অ্যাপকে পৌঁছে দেওয়া। একজন শিক্ষার্থী বাড়িতে থাকুক, যাত্রাপথে থাকুক কিংবা অন্য কোথাও, সে যেন প্রয়োজনীয় বই ও পড়ার উপকরণ সহজে খুঁজে পায়। একই সঙ্গে শিক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও যেন তার নাগালে থাকে। কলম অ্যাপের মাধ্যমে সেই সুযোগ তৈরির চেষ্টা করছি।”
একটি অ্যাপ তৈরির মধ্যেই নিজের উদ্যোগকে সীমাবদ্ধ রাখতে চান না এনামুল। বরং শিক্ষার্থীদের প্রয়োজনকে কেন্দ্র করে ধীরে ধীরে একটি বৃহত্তর শিক্ষাসহায়ক প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
Kolom App সম্পর্কে: অ্যাপটি ডাউনলোড ও বিস্তারিত জানতে ভিজিট করুন: https://kolomapp.com
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com