তাড়াইলে ইসলাহুল মুসলিমীন অফিসে তালা, ছোট ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ইসলাহুল মুসলিমীন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মো. আবু তাহেরের অফিস কক্ষে অনধিকার প্রবেশ করে তালা ভেঙে নতুন তালা লাগানোর অভিযোগ উঠেছে তারই ছোট ভাই মো. আবু সাঈদ নিজামীর বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. আবু তাহের (৬৫) গত ২৩ জুলাই তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি তার ছোট ভাই মো. আবু সাঈদ নিজামী ও ভাতিজা আলী হোসেনকে অভিযুক্ত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াইল উপজেলার ইছাপশর-বেলংকা গ্রামের জামিয়াতুল ইসলাম আল মাদানিয়া মাদরাসার নিচতলায় ২০০৮ সাল থেকে ইসলাহুল মুসলিমীন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ক হিসেবে অফিস পরিচালনা করে আসছেন মো. আবু তাহের।
অভিযোগে বলা হয়, জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে গত ১৫ জুলাই সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা অফিস কক্ষে প্রবেশ করে আগের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন। ওই সময় অফিসের ভেতরে তার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, পারিবারিক ও সাংগঠনিক গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং কিছু নগদ অর্থ ছিল বলে দাবি করেন তিনি।
মো. আবু তাহের আরও অভিযোগ করেন, পরে অফিস খোলার চেষ্টা করলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেন। এতে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন এবং ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি তাড়াইল থানায় লিখিত অভিযোগ করেছেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, “ইছাপশর গ্রামের বাসিন্দা ও ইসলাহুল মুসলিমীন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মো. আবু তাহেরের অফিসে তালা দেওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”