1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ: হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ: হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পরিকল্পিত হামলার অভিযোগ তুলে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

দুপুরে জেলা শহরের রথখলা এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন রনক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার, পৌর যুবদলের সভাপতি আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের (পদ স্থগিত) সভাপতি শরীফুল ইসলাম নিশাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্বাচনকে বানচাল করতেই শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো হয়েছে। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে দুষ্কৃতকারীরা নীলনকশা অনুযায়ী কাজ করছে। তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

 

বক্তারা আরও বলেন, এর আগেও বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ নির্বাচনী গণসংযোগকালে গুলিবিদ্ধ হন। এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা।

 

এসময় জেলা, উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও দলের সহযোগী ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd