1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

ফুলপুরে মিনি পার্ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নির্ধারিত সময়ে কাজ শেষের নির্দেশ

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৮ সময়

ফুলপুরে মিনি পার্ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নির্ধারিত সময়ে কাজ শেষের নির্দেশ
ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন মিনি পার্কের কাজে অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং টাইলস ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রকৌশলীকে (এলজিইডি) নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ।
সরকারি নথি সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে মিনি পার্ক নির্মাণ প্রকল্পের কাজ গত বছরের ২৩ অক্টোবর শুরু হয়। প্রকল্পের প্রথম ও দ্বিতীয় চলতি বিলের মাধ্যমে ঠিকাদারকে প্রায় ২৫ লাখ টাকার বেশি পরিশোধ করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিনি পার্ক নির্মাণকাজের মান ও বিভিন্ন অনিয়ম নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি আরও আলোচনায় আসে, যখন ফুলপুরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা ফেসবুকে প্রকল্পটির কাজের মান নিয়ে মন্তব্য করেন।
এর পরিপ্রেক্ষিতে গত ৬ জুলাই বর্তমান ইউএনও মোহাম্মদ ইউসুফ, সহকারী কমিশনার (ভূমি) এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে প্রকল্পটি সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে টাইলস উঠে যাওয়া, বসার বেঞ্চ অসমান হওয়াসহ বিভিন্ন ত্রুটি ও অনিয়ম তাঁদের নজরে আসে।
ইউএনও স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে উল্লেখ করা হয়েছে, পরিদর্শনের সময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলেও পরে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি পরবর্তী সময়ে উল্লেখযোগ্য উন্নয়নকাজ সম্পন্ন না হলেও দ্বিতীয় চলতি বিলের প্রস্তাব অনুযায়ী ঠিকাদারকে বিল পরিশোধ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আগামী ১৯ আগস্ট ২০২৬-এর মধ্যে চুক্তির শর্ত অনুযায়ী মিনি পার্কের সব কাজ যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করার এবং কাজ শেষ হওয়ার পর উপজেলা প্রশাসনকে লিখিতভাবে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রকল্পটির নির্মাণমান ও সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd