1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩

মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ০ সময়

মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের শ্রীনগরে আধিপত্য বিস্তার ও দুই পক্ষের পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে। রোববার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে মিনু বেগম ও মিজানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ। এ ঘটনায় ৩ জনকে রাতেই ঘটনাস্থল থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটকরা হলেন- হারুন খান, মান্নান খান ও মহসিন খান।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পূর্ব বিরোধের জেরে স্থানীয় হারুন খাঁন ও মান্নান খাঁনের সাথে একই এলাকার একই বংশের মিজান খাঁনের বাগবিতণ্ডা হয়। এ সময় মান্নান বন্দুক দিয়ে মিজানকে আঘাত করেন। বিষয়টি জানাজানি হলে মিজানের বাবা খোরশেদ খান মান্নানকে গালিগালাজ করেন। এতে মান্নান ক্ষিপ্ত হয়ে দলবলসহ আগ্নেয়াস্ত্র নিয়ে রাত সাড়ে ৯টার দিকে মিজানের বাড়িতে হামলা চালান ও এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।

 

এ সময় অতর্কিত গুলিতে বাড়িতে থাকা মিজানুর রহমান, মিনু বেগম, জয়তন বেগম, কাজল বেগম, ইভা, বন্যা, নুপুর বেগম, আয়ান, ফাহিমা, দোলন, আলামিন, খোরশেদ খাঁ, মোস্তাকিম, ইদ্রিস খাঁ ও সাফি বেগম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত মান্নানের লোকজন ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে চলে যান।

 

পরে স্বজন ও স্থানীয়রা গুলিবিদ্ধদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাতেই ১১ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এছাড়া অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জয়তুন বেগম ও মিনু বেগমকে পাশের দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের ২ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন জরুরি বিভাগে চিকিৎসকরা। তবে এ ঘটনায় অপর আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।

 

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, পূর্ব বিরোধের জের ধরে একই বংশের লোকজনের মধ্যে দ্বন্দ্বের সূত্র ধরে ঘটনাটি ঘটেছে।

 

তিনি আরও বলেন, ঘটনার পরপরই সেখানে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে জড়িত ৩ জনকে আটক করেছে। আটকদের কাছ থেকে একটি পিস্তল, একটি একনলা বন্দুক ও ৮২ রাউন্ড গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

এদিকে পরবর্তী সহিংসতা এড়াতে এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে সোমবার সকাল থেকে ঘটনাস্থলে পরিস্থিতির স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd