ইটনায় পূর্ব বিরোধের জেরে যুবক খুন, ঘণ্টাখানেকের মধ্যেই অভিযুক্ত গ্রেপ্তার
মোঃজোনায়েদ হোসেন জুয়েল
ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রুপ মিয়া (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শ্যামল মিয়াকে গ্রেপ্তার করেছে ইটনা থানা পুলিশ।
রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নের নূরপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রুপ মিয়া নূরপুর গ্রামের মুতালিব মিয়ার ছেলে। অপরদিকে গ্রেপ্তার হওয়া শ্যামল মিয়া একই গ্রামের চন্নু মিয়ার ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে একটি দোকান থেকে বাড়ি ফিরছিলেন রুপ মিয়া। পথে শ্যামল মিয়া পূর্বের বিরোধকে কেন্দ্র করে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। এলোপাতাড়ি কোপে রুপ মিয়া গুরুতর আহত হন। হামলার পর অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত রুপ মিয়াকে উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে ইটনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। দুপুর ১টার দিকে প্রধান অভিযুক্ত শ্যামল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নিয়মিত মামলা রুজু করা হবে।