কিশোরগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মোঃজোনায়েদ হোসেন জুয়েল
ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মো. শরীফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, উপপরিচালক (স্থানীয় সরকার) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ (ইউএনও), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ করে হাওরাঞ্চলে নৌ-ডাকাতি প্রতিরোধে টহল জোরদার, শহর ও উপজেলা পর্যায়ে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা গ্রহণ, যানজট নিরসন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূরীকরণ এবং ক্ষতিগ্রস্ত সড়কসমূহ দ্রুত সংস্কারের বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়।
সভায় বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার করে জনদুর্ভোগ কমাতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল জেলা গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি সেবাকে আরও সহজ, মানসম্মত ও সময়োপযোগী করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় আরও উল্লেখ করা হয়, কিশোরগঞ্জ জেলা প্রশাসন জনগণের কল্যাণে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবার মান বৃদ্ধি এবং উন্নয়ন কর্মকাণ্ডের গতি ত্বরান্বিত করতে সকল অংশীজনের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভা শেষে সমাজের সুবিধাবঞ্চিত ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচিত উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় অতিথিরা উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন এবং তাদের স্বনির্ভর হয়ে পরিবার ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।