নিসচার ১১তম মহাসমাবেশে ‘সেরা উপজেলা সভাপতি’ মোবারক হোসেন সুমন
নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতি
মোঃ জোনায়েদ হোসেন জুয়েল
ষ্ট্যাফ রিপোর্টার,
সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, জনসচেতনতা সৃষ্টি ও সাংগঠনিক কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা রাখায় ‘সেরা উপজেলা সভাপতি’ সম্মাননা পেয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সভাপতি মোবারক হোসেন সুমন।
‘নিরাপদ সড়ক চাই, We Demand Safe Road’ প্রতিপাদ্যকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ঢাকা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত নিসচার ১১তম মহাসমাবেশে তাকে এ সম্মাননা দেওয়া হয়। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নিসচার নেতাকর্মীরা এতে অংশ নেন।
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ আব্দুস সালাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য হাবিবুর রশিদ। অনুষ্ঠানে নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, কিশোরগঞ্জ সদর উপজেলা নিসচার সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোবারক হোসেন সুমনের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও সক্রিয় হয়েছে। চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা, মোটরসাইকেল চালকদের মানসম্মত হেলমেট ব্যবহারে সচেতন করা, নির্ধারিত গতিসীমা মেনে চলার প্রচারণা এবং সড়ক পারাপারে সতর্কতা বৃদ্ধিসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।
এছাড়া সড়ক দুর্ঘটনায় আহত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও নিসচার নেতাকর্মীদের অংশগ্রহণ রয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে কিশোরগঞ্জ সদর উপজেলায় নিরাপদ সড়ক আন্দোলনকে আরও জোরদার করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় মোবারক হোসেন সুমন বলেন, “এই সম্মাননা আমার একার নয়, এটি কিশোরগঞ্জ সদর উপজেলা নিসচার প্রতিটি নেতাকর্মীর সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। নিরাপদ সড়ক প্রতিষ্ঠা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।”
মহাসমাবেশে বক্তারা সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন, মানসম্মত হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং চালক-পথচারীদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
মোবারক হোসেন সুমনের ‘সেরা উপজেলা সভাপতি’ সম্মাননা অর্জনে কিশোরগঞ্জের নিসচা নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। সংগঠনের নেতাকর্মীরা মনে করছেন, এই স্বীকৃতি কিশোরগঞ্জ সদর উপজেলায় নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করবে।