1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

আইপিডিআরের উদ্বোধনী অনুষ্ঠান ২০২৬: পেশাগত দক্ষ মানবসম্পদ গঠনে নতুন যাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

আইপিডিআরের উদ্বোধনী অনুষ্ঠান ২০২৬: পেশাগত দক্ষ মানবসম্পদ গঠনে নতুন যাত্রা

নিজস্ব প্রতিবেদক:

পেশাগত দক্ষ জনশক্তি তৈরি এবং বিশ্বমানের শিক্ষিত যুবসমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইনস্টিটিউট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ (আইপিডিআর)। শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১টায় রাজধানীর মতিঝিলের টয়েনবী সার্কুলার রোডে অবস্থিত গাউসে পাক ভবনে আইপিডিআরের নিজস্ব অফিস ও সেমিনার হলে অনুষ্ঠিত হয় “আইপিডিআর উদ্বোধনী অনুষ্ঠান ২০২৬”।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের মাধ্যমে। এরপর স্বাগত বক্তব্য রাখেন আইপিডিআরের নির্বাহী পরিচালক প্রফেসর ড. এ. ওয়াই. এম. নেসার উদ্দিন। তিনি বলেন, আইপিডিআর এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠছে যেখানে প্রথাগত শিক্ষা ও বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করা হবে। তাঁর ভাষায়, “আমাদের লক্ষ্য শুধু ডিগ্রি দেওয়া নয়, বরং শিক্ষার্থীদের দক্ষ, আত্মবিশ্বাসী ও আন্তর্জাতিক মানসম্পন্ন পেশাজীবী হিসেবে গড়ে তোলা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইপিডিআরের চেয়ারম্যান ও প্রথিতযশা চিকিৎসক অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন, এফআরসিপি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয় জরুরি। আইপিডিআর সেই সমন্বিত শিক্ষা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমিরেটাস অধ্যাপক, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের প্রাক্তন ডিন প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আইপিডিআরের মতো প্রতিষ্ঠান দেশের শিক্ষাব্যবস্থায় সময়োপযোগী সংযোজন। এখানকার প্রোগ্রামগুলো শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মবাজারের জন্য প্রস্তুত করবে।”

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব স্কিল ইনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. দেওয়ান এম. এ. সাজ্জাদ এবং সিটি ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শাহাদাত কবির। তাঁরা তাঁদের বক্তব্যে বলেন, আইপিডিআর দক্ষতা-ভিত্তিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির ডিন প্রফেসর ড. মো. আবুদ দারদা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. কাজী আখতার হামিদ এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহাম্মদ ইসহাক মিয়া। তাঁরা বলেন, দক্ষ মানবসম্পদ ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়, আর আইপিডিআর সেই চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আইপিডিআরের নির্বাহী পরিচালক প্রফেসর ড. এ. ওয়াই. এম. নেসার উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন পরিচালক হারুনুর রশীদ ফারুকী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন, বাংলাদেশ তাকাফুল সোসাইটির সদস্য সচিব আশরাফুজ্জামান আমজাদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকবৃন্দ এবং ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতের নির্বাহীবৃন্দ।

অনুষ্ঠানে আইপিডিআরের প্রধান দুইটি প্রোগ্রামের পরিচিতি তুলে ধরা হয়। একটি হলো ডিপ্লোমা ইন ইসলামিক ইন্স্যুরেন্স (তাকাফুল), যা যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের একাডেমিক সহযোগিতায় পরিচালিত হবে। অন্যটি হলো প্রফেশনাল আরবি ল্যাঙ্গুয়েজ কোর্স, যেখানে আইন, কূটনীতি ও প্রশাসনিক ক্ষেত্রে প্রয়োজনীয় আরবি ভাষার দক্ষতা অর্জনের সুযোগ থাকবে।

এক পর্যায়ে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে আইপিডিআরের উদ্বোধন ঘোষণা করেন এবং অতিথিদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষাংশে নয়াপল্টন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

আইপিডিআর কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে কর্পোরেট ট্রেনিং, বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, ভাষা শিক্ষা ও পেশাগত ডিপ্লোমা প্রোগ্রাম চালু করা হবে। উচ্চমানের কারিকুলাম ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে আইপিডিআর দেশের তরুণদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিবৃন্দ ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আইপিডিআরের এই যাত্রা বাংলাদেশের পেশাগত শিক্ষা ও দক্ষতা উন্নয়নে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd