ইউনিক স্কুল পরিচালকের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
মোহাম্মদ জোনায়েদ হোসেন জুয়েল
ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জে ইউনিক কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের পরিচালক মো. দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে।
স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি মো. দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তাঁর পরিবারের সদস্যদের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায়। এতে তিনি আহত হন। হামলার পর থেকে তাঁর পরিবারের সদস্যরা আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে স্মারকলিপিতে দাবি করা হয়েছে।
এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করা জরুরি। পাশাপাশি কোনো প্রভাব বা চাপের বাইরে থেকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
স্মারকলিপিদাতাদের দাবির মধ্যে রয়েছে, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা, আহত পরিচালক মো. দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা।
মানববন্ধন শেষে ইউনিক কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এর একটি অনুলিপি কিশোরগঞ্জের পুলিশ সুপারের কাছেও প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে মো. আরিফুল ইসলাম, নুরুল ইসলাম নূরুলসহ সংশ্লিষ্টরা স্বাক্ষর করেন।
স্মারকলিপিদাতারা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করবে।