1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১০ সময়

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

ঝালকাঠি সরকারি কলেজের প্রশাসনিক ভবনের ১০৪ নম্বর কক্ষে সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পে দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি বিদেশি লেন্স সংযোজনসহ বিনামূল্যে ছানি অপারেশনের জন্য রোগী যাচাই-বাছাই করা হয়। ঝালকাঠির স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় তরুণ সংঘ-এর সৌজন্যে এবং স্থানীয় সহযোগী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)-এর ব্যবস্থাপনায় ক্যাম্পটি পরিচালনা করে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, বরিশাল।

অনুষ্ঠানের উদ্বোধন করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান (শিশু বিভাগ) অধ্যাপক ডা. অসীম কুমার সাহা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, অসহায় মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সামাজিক সংগঠনের তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা সৃষ্টি করে। তিনি উপস্থিত রোগীদের নির্ভয়ে চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. অমিতাভ চন্দ্র দাস বলেন, প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় এ ধরনের সেবামূলক ক্যাম্প পরিচালনা করে থাকে। এবার কলেজসংলগ্ন এলাকায় ক্যাম্প আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থী, অভিভাবক ও শ্রমজীবী মানুষের কাছে সহজে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়ুথ অ্যাকশন সোসাইটির সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি। তিনি বলেন, ইয়ুথ অ্যাকশন সোসাইটি সবসময় আর্তমানবতার সেবায় নিয়োজিত। রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ ও খাদ্য সহায়তার ধারাবাহিকতায় এবার চক্ষু শিবির আয়োজন করা হয়েছে। প্রচার-প্রচারণা থেকে শুরু করে মাঠপর্যায়ের সার্বিক ব্যবস্থাপনা সংগঠনের স্বেচ্ছাসেবকেরা নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেছেন।

প্রত্যয় তরুণ সংঘের সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার বলেন, অর্থের অভাবে অনেক মানুষ সময়মতো চিকিৎসা নিতে পারেন না। সেই কষ্ট লাঘব করতেই তাদের এই উদ্যোগ। তিনি সবাইকে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় ওষুধ সেবনের আহ্বান জানান।

ক্যাম্পে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার আশিক সরকারসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও স্বেচ্ছাসেবক হিসেবে ইয়াসের দপ্তর সম্পাদক শাহরিয়া পাপন, অর্থ সম্পাদক রোহান বিন নাসির, সদস্য নুরুল আলম, তারেক হাসান বিজু, তামান্না ইসলাম, মোহনা আক্তার, ফারজানা ইমাম এবং প্রত্যয় তরুণ সংঘের সভাপতি যুবরাজ দাস, কোষাধ্যক্ষ উজ্জ্বল দুয়ারী, দপ্তর সম্পাদক টুটুল চন্দ ও কার্যকরী সদস্য সুরজিৎ ধর উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ২০০ জন রোগী সেবা গ্রহণ করেন। প্রাথমিক বাছাই শেষে ৩০ জন ছানি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বরিশালে পাঠানো হয়। সেবাগ্রহীতারা সুশৃঙ্খল ও আন্তরিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd