ঝালকাঠিতে শুরু হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬
শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে বহুল প্রতীক্ষিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টায় ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।
জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার চারটি উপজেলার বিভিন্ন এলাকার ফুটবল দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা, তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি জেলার ফুটবল প্রতিভা বিকাশ এবং নতুন খেলোয়াড় তৈরিতেও এ টুর্নামেন্ট কার্যকর অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রীড়াপ্রেমী ও সচেতন নাগরিকরা। তাদের মতে, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা তরুণদের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি করবে এবং সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টুর্নামেন্টকে ঘিরে জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগামী দিনগুলোতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচ উপহার পাওয়ার প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা।