1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে পথসভায় মির্জা ফখরুল সাধারণ মানুষকে আগলে রাখার অঙ্গীকার বিএনপির

ঠাকুরগাঁও প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু 
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

ঠাকুরগাঁওয়ে পথসভায় মির্জা ফখরুল

সাধারণ মানুষকে আগলে রাখার অঙ্গীকার বিএনপির

 

ঠাকুরগাঁও প্রতিনিধি

হাসিনুজ্জামান মিন্টু

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার যেন কোনো নিরপরাধ মানুষ না হয়—সে বিষয়টি নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। আওয়ামী লীগের সাধারণ সমর্থকরাও এর বাইরে নয় বলে জানান তিনি।

 

বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের মোলানী বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে ধানের শীষ প্রতীকের এই প্রার্থী বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক সাধারণ মানুষ আজ অনিশ্চয়তায় ভুগছেন। তিনি বলেন, “যারা অন্যায়ের সঙ্গে জড়িত নয়, তারা আমাদের কাছে নিরাপদ। বিএনপি প্রতিশোধের রাজনীতি করে না।”

 

সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের স্পষ্ট করে বলতে চাই—আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমরা দায়িত্বশীল ভূমিকা রাখব।”

 

মির্জা ফখরুল আরও বলেন, অন্যায়কারী যেই হোক না কেন, তার বিচার হবে আইনের আওতায়। তবে সাধারণ মানুষকে কোনোভাবেই হয়রানি করা হবে না। “আমরা মানুষকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ করতে চাই,”—যোগ করেন তিনি।

 

নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তিনি আশা প্রকাশ করেন, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

 

দেশের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষকে কষ্টে ফেললেও আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় কিছুটা স্থিতিশীল। “এখন মানুষ অন্তত কিছুটা স্বস্তিতে আছে,”—বলেন তিনি।

 

সরকার গঠনের সুযোগ পেলে বিএনপি মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে কাজ করবে বলে জানান মির্জা ফখরুল। একই সঙ্গে তিনি বলেন, এটি তার জীবনের শেষ নির্বাচন এবং জনগণের সমর্থন পেলে তিনি এলাকার উন্নয়নে নিজেকে পুরোপুরি নিয়োজিত করবেন।

 

সভা শেষে তিনি উপস্থিত ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd