
ধর্মীয় অবমাননার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে ভগবান শ্রীরামচন্দ্রকে নিয়ে অবমাননাকর পোস্ট ও তাঁর ছবিকে বিকৃত করে প্রকাশের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১১টায় কিশোরগঞ্জ শহরের শ্রী শ্রী কালীবাড়ি মোড়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননা ও উসকানিমূলক প্রচারণা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। তাই ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।