1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

নির্ধারিত দামের চেয়ে ২৫০ টাকা বেশি দামে এলপিজি বিক্রি

 মোঃ বুখারী মল্লিক আলফাডাঙ্গা প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

নির্ধারিত দামের চেয়ে ২৫০ টাকা বেশি দামে এলপিজি বিক্রি

 

আলফাডাঙ্গায় অসাধু ডিলারের বিরুদ্ধে অভিযোগ, ভোক্তারা চরম বিপাকে

মোঃ বুখারী মল্লিক আলফাডাঙ্গা প্রতিনিধি:

সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগ উঠেছে। নির্ধারিত দামের চেয়ে প্রায় আড়াইশ টাকা বেশি দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডার বিক্রি করায় সাধারণ ভোক্তাদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সরকার সম্প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য নির্ধারণ করেছে ১ হাজার ৩০৬ টাকা। তবে বাস্তবে আলফাডাঙ্গার বানা বাজারে সেই গ্যাস বিক্রি হচ্ছে পাইকারি ১ হাজার ৫৫০ টাকা এবং খুচরা ১ হাজার ৬০০ টাকা দামে।

অভিযোগ রয়েছে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বাজারভিত্তিক ওমেরা কোম্পানির ডিলার মোঃ জুয়েল বানা বাজারের খুচরা ব্যবসায়ীদের কাছে সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করেই প্রতি সিলিন্ডার ১ হাজার ৫৫০ টাকা দরে পাইকারি বিক্রি করছেন। ফলে দোকানদাররাও বাধ্য হয়ে বেশি দামে গ্যাস বিক্রি করছেন বলে জানিয়েছেন।

বানা বাজারের এক ব্যবসায়ী সাকায়েত হোসেন বলেন,

“আমাদের কাছ থেকে কোম্পানির ডিলার ১৫৫০ টাকা দাম রাখে। এতে করে দোকান থেকে ১৬০০ টাকার কমে বিক্রি করলে আমাদের লোকসান গুনতে হয়।”

এদিকে, নিত্যপ্রয়োজনীয় রান্নার গ্যাসের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ ভোক্তারা। অনেকেই অভিযোগ করে বলেন, প্রতিদিনের বাজার খরচ সামাল দিতেই হিমশিম খেতে হচ্ছে, তার ওপর অতিরিক্ত দামে গ্যাস কিনতে বাধ্য হওয়া দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

ভুক্তভোগী ভোক্তারা দ্রুত বাজার মনিটরিং জোরদার, অসাধু ডিলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অন্যথায় সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ আরও বাড়বে বলে আশঙ্কা তাদের।

ভোক্তাদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশাই এখন এলাকাবাসীর।

 

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd