
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত শামা ওবায়েদ ইসলাম
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে শামা ওবায়েদ ইসলাম এমপিকে মনোনয়ন দিয়েছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। গত ১৫ জুন ২০২৬ তারিখে জারি হওয়া প্রজ্ঞাপনে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে শামা ওবায়েদ ইসলাম এমপির নাম ঘোষণা করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শামা ওবায়েদ ইসলাম বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রমে জনসম্পৃক্ততা ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন সভাপতির নেতৃত্বে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান ও ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আসবে।