ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদকের বাসায় চুরি, দারোয়ানসহ আটক-২
আব্বাস উদ্দিন(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দাতিয়ারা এলাকার একটি বহুতল ভবনে বিএনপি নেতা ও আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা রান্নাঘরের জানালার গ্রিল কেটে ফ্ল্যাটে প্রবেশ করে আনুমানিক ৫০ ভরি স্বর্ণালংকার, ১৭ থেকে ১৮ লাখ টাকা, পবিত্র হজ পালনের জন্য রাখা ৮ হাজার সৌদি রিয়াল, দুটি দামি রোলেক্স হাতঘড়িসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ফ্ল্যাটের মালিক। এ ঘটনায় ভবনের দারোয়ান ও তাঁর এক সহযোগীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে শহরের দাতিয়ারা এলাকার রয়েল ভিউ ফোর বহুতল ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। এ সময় ভবনের নিচে পড়ে থাকা এক ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সদস্য।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রয়েল ভিউ ফোর ভবনের তৃতীয় তলায় নিজের ফ্ল্যাটে বসবাস করেন নুরুজ্জামান লস্কর তপু। তাঁর স্ত্রী ও সন্তান ঢাকার উত্তরায় থাকেন। ঘটনার সময় ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা রান্নাঘরের জানালার তিনটি গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে স্টিলের আলমারি ও সিন্দুক ভেঙে মূল্যবান মালামাল নিয়ে যায়।
নুরুজ্জামান লস্কর তপু জানান, রাত ১২টা ২০ মিনিটের দিকে তিনি ফ্ল্যাটে ফিরে ঘরে প্রবেশ করেন। এ সময় বিছানার ওপর কাপড়চোপড় এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে কক্ষের ভেতরে গিয়ে স্টিলের আলমারি ও সিন্দুক খোলা অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন।
তিনি বলেন, তাঁর আনুমানিক ৫০ ভরি স্বর্ণালংকার, ১৭ থেকে ১৮ লাখ টাকা, হজে যাওয়ার জন্য রাখা ৮ হাজার সৌদি রিয়াল, দুটি দামি রোলেক্স হাতঘড়ি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি হয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম সিরাজ। এ সময় তিনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করার নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাজল মিয়া জানান, এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর বড় ভাই ও সরাইল উপজেলা বিএনপির সহসভাপতি অহিদুজ্জামান লস্কর অপু ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিআইপি এলাকা হিসেবে পরিচিত ও নিরাপত্তাবেষ্টিত স্থানে কীভাবে এমন চুরির ঘটনা ঘটতে পারে, তা কল্পনাও করা যায় না। তিনি জানান, এ ঘটনায় প্রশাসন দুজনকে আটক করেছে এবং অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
এদিকে নুরুজ্জামান লস্করের জুনিয়র আইনজীবী এবং ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) তারেকুল ইসলাম মৃধাও চুরি হওয়া মালামালের বিবরণ দিয়েছেন।
খবর পেয়ে শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ও শহরের দুই নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ভবনের নিচে পড়ে থাকা এক ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ভবনের দারোয়ান ও তাঁর এক সহযোগীকে আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া শহরের দুই নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক বেলাল হোসেন বলেন, “চুরির ঘটনায় এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। এ ঘটনায় ভবনের দারোয়ান ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে কাজ করছে।”
নিরাপত্তাবেষ্টিত বহুতল ভবনে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ টাকা, সৌদি রিয়াল ও দামি হাতঘড়ি চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধার, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং চুরির রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।