1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকারের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

সাবেক বিমানবাহিনী প্রধান ও মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীর উত্তমের জানাজা সম্পন্ন হয়েছে। আজ রবিবার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ডে দুপুর ২টার দিকে এ জানাজা অনুষ্ঠিত হয়।

 

এসময় জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে যথাযথ সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। তার জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন।

 

শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন এ কে খন্দকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি এক কন্যা, দুই পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

এ কে খন্দকারের জন্ম ১৯৩০ সালের ১ জানুয়ারি।

 

 

বাবার কর্মসূত্রে রংপুরে জন্ম হলেও তার পৈতৃক নিবাস পাবনা জেলার বেড়া উপজেলার ভারেঙ্গা গ্রামে। তার বাবা খন্দকার আব্দুল লতিফ ছিলেন ব্রিটিশ আমলের ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং মা আরেফা খাতুন ছিলেন একজন আদর্শ গৃহিণী। চার ভাই ও এক বোনের মধ্যে এ কে খন্দকার ছিলেন তৃতীয়। বাবার চাকরির সুবাদে বগুড়া করোনেশন স্কুলে তার শিক্ষাজীবন শুরু হয় এবং পরবর্তীতে ১৯৪৭ সালে দেশভাগের সময় তিনি মালদা জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন।

বর্ণাঢ্য সামরিক জীবনের অধিকারী এ কে খন্দকার ১৯৫২ সালের সেপ্টেম্বরে পাকিস্তান বিমান বাহিনীতে (পিএএফ) পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। কর্মজীবনে ১৯৫৫ সাল পর্যন্ত ফাইটার পাইলট হিসেবে এবং পরবর্তীতে ফ্লাইং ইন্সট্রাক্টর, ফ্লাইট কমান্ডার ও স্কোয়াড্রন কমান্ডার হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সাল পর্যন্ত তিনি পিএএফ প্ল্যানিং বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং একই বছর ঢাকায় পাকিস্তান বিমান বাহিনী ঘাঁটির সেকেন্ড ইন কমান্ড হিসেবে নিয়োগ পান।

 

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে এ কে খন্দকার উইং কমান্ডার হিসেবেই মুক্তিবাহিনীতে যোগ দেন এবং ডেপুটি চিফ অব স্টাফ বা উপ-সর্বাধিনায়কের গুরুদায়িত্ব কাঁধে তুলে নেন। ১৯৭১ সালের ২১ নভেম্বর তৎকালীন প্রবাসী সরকার তাকে গ্রুপ ক্যাপ্টেন পদে পদোন্নতি দেয়।

তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ব্যক্তিগত উপ-প্রধান সেনাপতি হিসেবে রণাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুসংগঠিত করতে তার অসামান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd