1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

যুবদল নেতা শাকের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জেলা আইনজীবী ফোরামের মানববন্ধন।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৮ সময়

যুবদল নেতা শাকের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জেলা আইনজীবী ফোরামের মানববন্ধন।

 

নিজস্ব প্রতিনিধি

 

আজ সকাল ১০ঃ০০ টায় আদালতের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাগুরা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীসহ আইনজীবীরা অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা যুবদল নেতা শাকের হোসেন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একজন রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের হত্যাকাণ্ড জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। তাই হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত, কী কারণে এবং কার নির্দেশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করে আনতে হবে।

 

বক্তারা আরও বলেন, শুধু হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করলেই চলবে না, এর পেছনে কোনো পরিকল্পনাকারী বা নির্দেশদাতা থাকলে তাদেরও আইনের আওতায় আনতে হবে। কোনো অপরাধী যাতে প্রভাব খাটিয়ে বিচারের হাত থেকে রেহাই পেতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

 

এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে শাকের হোসেন হত্যা মামলায় অভিযুক্তদের পক্ষে আদালতে আইনি লড়াইয়ে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

 

এদিকে আইনজীবীদের মানববন্ধন কর্মসূচি শেষ হওয়ার পরপরই একই দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন মাগুরা পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

বিক্ষোভ মিছিলটি মাগুরা জেলা জজ আদালতের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, যুবদল নেতা শাকের হোসেন হত্যাকাণ্ডের পর থেকে তার পরিবার, স্বজন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা না হলে সাধারণ মানুষের মধ্যে বিচারহীনতার আশঙ্কা তৈরি হবে।

 

তারা অভিযোগ করেন, এ হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত ঘটনা এখনো পুরোপুরি প্রকাশ পায়নি। তাই তদন্তের মাধ্যমে হত্যার মূল পরিকল্পনাকারীসহ জড়িত প্রত্যেককে শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে।

 

বক্তারা আরও বলেন, শাকের হোসেন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা শুধু তার পরিবারের দাবি নয়, এটি দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীরও দাবি। হত্যাকাণ্ডে জড়িত কাউকে আড়াল করার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।

 

সমাবেশ থেকে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

 

একই সঙ্গে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

 

উল্লেখ্য, গত ২১ অক্টোবর সকালে মাগুরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রয়েল এক্সপ্রেস পরিবহনের কাউন্টারের ভেতর থেকে পৌর যুবদল নেতা শাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মাগুরা সদর থানায় হত্যা মামলা করেন। পরে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রনি শিকদার ও শামীমা তাবাসসুম লুবনাকে গ্রেপ্তার করে পুলিশ। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এদিকে হত্যাকাণ্ডের পর থেকে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সরব রয়েছেন নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী। হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন নিহতের স্বজন, এলাকাবাসী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd