
ফরিদপুরে চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ টোকন,ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরে চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (আজ) ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের মুক্তমঞ্চে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক এ,বি,এম সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মরহুম চৌধুরী কামাল ইউসুফের কন্যা ও ফরিদপুর সদর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।
এছাড়াও বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর সদর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাসিরুল ইসলাম নাসির, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, সদস্য সচিব এ,কে কিবরিয়া স্বপন, ময়েজ মনজিল পরিবারের সদস্য আমির ইউসুফ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, বিশিষ্ট চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান শামীম।
বক্তারা তাদের বক্তব্যে মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের জীবন ও কর্ম তুলে ধরে বলেন, তিনি আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তিনি নিজেকে একজন মানবিক ও জনদরদি নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হয়েছিলেন তিনি।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশে আগমন প্রত্যাশিত। তার এই আগমনকে স্বাগত জানিয়ে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং মরহুম চৌধুরী কামাল ইউসুফের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দরগা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আবুল কালাম আজাদ।
এর আগে অনুষ্ঠানে মরহুম চৌধুরী কামাল ইউসুফকে নিয়ে প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
Leave a Reply