1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সে’র আবারও গৌরবময় ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন

নূরনবী সোহেল, নিজস্ব প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ০ Time View

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সে’র আবারও গৌরবময় ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন

নূরনবী সোহেল, নিজস্ব প্রতিনিধিঃ

দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি করপোরেট সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে অর্জন করেছে ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড। টানা পঞ্চমবারের মতো এই মর্যাদাপূর্ণ জাতীয় স্বীকৃতি অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি জীবন বীমা শিল্পে তার শক্ত অবস্থান ও আস্থার প্রতীক হিসেবে আবারও নিজেকে প্রমাণ করলো।

 

রাজধানীর ঐতিহ্যবাহী হোটেল সোনারগাঁওয়ে ১৫ ডিসেম্বর আয়োজিত জাঁকজমকপূর্ণ পুরস্কার প্রদান অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এবং প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস। দেশের আর্থিক ও করপোরেট খাতের শীর্ষ ব্যক্তিত্বদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের এ অর্জন বিশেষভাবে প্রশংসিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গেস্ট অব অনার হিসেবে অংশ নেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মো. সাইফুদ্দিন সিএফএ, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া এবং আইসিএসবি’র চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। বিভিন্ন মন্ত্রণালয় ও আর্থিক খাতের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে।

 

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) দেশের পেশাজীবী চার্টার্ড সেক্রেটারিদের একমাত্র জাতীয় সংগঠন। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে করপোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা ও জবাবদিহিতার মানোন্নয়নে কাজ করে আসছে। আইসিএসবি নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ২০২৪ সালে তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট সুশাসন চর্চা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বিএসইসির করপোরেট গভর্ন্যান্স কোডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্যক্রম পর্যালোচনা করে এই পুরস্কার প্রদান করা হয়।

 

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে বিভিন্ন খাত ও ক্যাটেগরিতে মোট ১৪টি শ্রেণিতে প্রতিষ্ঠানগুলোকে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ স্তরে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। এই কঠোর ও স্বচ্ছ মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হওয়া ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির জন্য নিঃসন্দেহে একটি বড় অর্জন।

 

বিশেষ করে ২০২৪ সালের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে করপোরেট গভর্ন্যান্স সংক্রান্ত উৎকৃষ্ট ও মানসম্মত প্রকাশনার জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিকে এবারের ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রতিবেদনে তথ্যের স্বচ্ছতা, আর্থিক জবাবদিহিতা, পরিচালনা পর্ষদের কার্যকর ভূমিকা এবং নীতিগত শুদ্ধতার প্রতিফলন আইসিএসবি’র মূল্যায়নে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

 

জীবন বীমা শিল্পে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দীর্ঘদিন ধরে সুশাসন, নৈতিকতা ও গ্রাহক আস্থার ওপর গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। টানা পাঁচবার আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন প্রতিষ্ঠানটির সেই ধারাবাহিক প্রচেষ্টারই স্বীকৃতি। সংশ্লিষ্ট মহলের মতে, এই সাফল্য শুধু ন্যাশনাল লাইফের জন্য নয়, বরং দেশের পুরো জীবন বীমা খাতের জন্যও একটি ইতিবাচক বার্তা বহন করে।

 

প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা মনে করেন, এই সম্মাননা ভবিষ্যতে আরও দায়িত্বশীল, স্বচ্ছ ও টেকসই করপোরেট চর্চা নিশ্চিত করতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে গ্রাহক, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট সব পক্ষের আস্থা আরও দৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

করপোরেট সুশাসন ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার ক্ষেত্রে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এই ধারাবাহিক সাফল্য নিঃসন্দেহে জীবন বীমা শিল্পে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd