
বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার; লুন্ঠিত মোটরসাইকেল উদ্ধার
মো: হাবিব খান
ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি
(বিজয়নগর)
৪ ফেব্রুয়ারি, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। আন্তঃজেলা ডাকাত দলের সর্দার এমদাদুল হক মিলন ওরফে রিপনকে (৩৮) গ্রেফতারসহ উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া একটি মোটরসাইকেল।
অভিযান ও গ্রেফতার
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি রাত ১২:১০ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন গোকর্ণঘাট এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ডাকাত সর্দার রিপনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকা থেকে ডাকাতি হওয়া একটি Apache RTR 160 CC মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
ঘটনার প্রেক্ষাপট
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ১:৩০ থেকে ২:০০ ঘটিকার মধ্যে বিজয়নগর থানাধীন ২নং চান্দুরা ইউনিয়নের পশারচাঁদ এলাকায় একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা একটি মোটরসাইকেল, মোবাইল ফোন এবং মূল্যবান বাদ্যযন্ত্রসহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায়। এই ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়।
পূর্ববর্তী সাফল্য ও উদ্ধারকৃত মালামাল
এর আগে গত ২ ফেব্রুয়ারি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত চক্রের আরও ৬ সদস্যকে গ্রেফতার করেছিল। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়:
একটি সাউন্ড কার্ড প্রসেসর ও বিদেশী বাঁশিসহ বাদ্যযন্ত্রের ব্যাগ (আনুমানিক মূল্য ৫০,০০০ টাকা)।
একটি Moto g31 মডেলের মোবাইল ফোন।
আগে গ্রেফতারকৃতরা হলেন: সোহেল মিয়া (৩৫), শামীম মিয়া (৩২), মামুন মিয়া (২৩), ওলি মিয়া (২৩), মোঃ হানিফ ওরফে রুবেল (৩৯) এবং মোঃ জয়নাল (৪০)। তারা সবাই বিজয়নগর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
র্ধত আসামির অপরাধ প্রোফাইল
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নবনিযুক্ত গ্রেফতারকৃত ডাকাত সর্দার এমদাদুল হক মিলন ওরফে রিপনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়াসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে মোট ১২টি ডাকাতি মামলা রয়েছে। সে বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের মোঃ জাহের মিয়ার ছেলে।
বিজয়নগর থানা পুলিশ জানায়, অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply