
ঝালকাঠিতে নবনির্বাচিত এমপিদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
শংকর দাস পবন (স্টাফ রিপোর্টার)
ঝালকাঠিতে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে জেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থবির উন্নয়ন কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা, জনসেবা নিশ্চিতকরণ এবং অবহেলিত এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নবনির্বাচিত দুই সংসদ সদস্য সরকারি দপ্তরগুলোর কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, জনগণের আস্থার প্রতিদান দিতে তাঁরা বদ্ধপরিকর। দল-মত নির্বিশেষে ঝালকাঠিকে আধুনিক ও বৈষম্যহীন জেলা হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।
ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে এবং কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের দিকনির্দেশনায় জেলার সার্বিক উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় পুলিশ সুপার, চার উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply