1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন 

মকবুল হোসেন,  ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন

 

মকবুল হোসেন,

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচনের মধ্য দিয়ে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় স্থাপন কাজের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

 

আজ ৪ এপ্রিল শনিবার বিকালে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের পাশে বিভাগীয় নগরীর শিকারীকান্দা ছত্রপুরে তথ্য কমপ্লেক্সের জন্য অধিগ্রহণকৃত নিজস্ব জায়গায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল এর উপস্থিতিতে প্রতিমন্ত্রী এ উদ্বোধন করেন।

 

উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। সে উদ্দেশ্যে বিভাগীয় শহরসহ ২৬ টি জেলার কাজ হাতে নেওয়া হয়েছে। এটা আমার প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। কয়েক সপ্তাহের মধ্যেই আরো চারটি ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হবে। প্রয়োজনে অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে আমরা উপজেলা পর্যায়েও তথ্য কমপ্লেক্স ভবন করার প্রকল্প হাতে নিব ইনশাআল্লাহ। নির্বাচনী ইশতেহার নিয়ে জনগণের কাছে গিয়েছিলাম। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার সর্বোচ্চ চেষ্টা করছি। বিগত সরকারের আমলে উন্নয়নের নামে হাতে প্রকল্প নেওয়া হয়েছিল কিন্তু কাজ হয়নি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের কাজে দুর্নীতি স্পর্শ করতে পারবে না। গুনাগুণ ঠিক রেখে সঠিকভাবে কাজ শেষ করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান তিনি।

 

গণমাধ্যম প্রতিনিধিদের প্রতি প্রধান অতিথি বলেন,আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। কিন্তু আপনারা মিস ইনফরমেশন দিবেন না । তথ্যের অবাধ প্রবাহ যেন বজায় থাকে সেদিকে খেয়াল রাখবেন। মিথ্যা বা বানোয়াট কিছু যেন সংবাদে রূপ না নেয়।

 

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, ময়মনসিংহ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মনিরুজ্জামান প্রমুখ।

 

ময়মনসিংহ বিভাগে ১৯.৩০ কোটি টাকা ব্যয়ে ০৭ তলা বিশিষ্ট বিভাগীয় তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য ঠিকাদারের সাথে ১৮ মাস মেয়াদী চুক্তি সম্পন্ন হয়েছে। ৪ এপ্রিল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে কাজ শুরু হলো। নির্মিতব্য তথ্য কমপ্লেক্সে সিনেপ্লেক্স ও আইসিটি বিষয়াদি যেমন ইন্টারনেট, সাইবার ক্যাফে, ইনফরমেশন কিয়স্ক, ডিজিটাল আর্কাইভ এবং ডিজিটাল ল্যাব ইত্যাদির সংস্থান থাকবে। ফলে ইহা একটি তথ্য ভান্ডার হিসেবে কাজ করবে। অন্যদিকে সিনেপ্লেক্সে প্রদর্শিত চলচ্চিত্রের মাধ্যমে সুস্থ ধারার চলচ্চিত্র দেখার অভ্যাস গঠন ও চলচ্চিত্র শিল্পের উন্নয়ন সাধন হবে। পাশাপশি সর্বস্তরের জনগণের মধ্যে জাতীয় ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধসহ আমাদের জাতীয় জীবনে ঘটে যাওয়া আন্দোলন-সংগ্রামের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির প্রসার করা সম্ভব হবে।

 

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। এর লক্ষ্য হচ্ছে প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে দেশের সাধারণ জনগণ, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, আইটি উদ্যোক্তা ও ব্যবসায়ীদেরকে সেবা প্রদান করা এবং কোটি তরুণ-তরুণীদের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি করা। পাশাপাশি বাংলাদেশকে বিশ্বের উন্নত, দক্ষ ও বহুমুখী আইসিটি রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। জেলা তথ্য কমপ্লেক্সের আইসিটি সুবিধাদি এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও, আইসিটি সুবিধাদির মাধ্যমে ফ্যাক্ট চেকিং টুলস ব্যবহার করে গুজব ও ভুয়া খবর চিহ্নিত করে বস্তুনিষ্ট সংবাদ জনগণের কাছে পৌঁছে দেয়া সম্ভব হবে।

সর্বোপরি তথ্য কমপ্লেক্সটি একটি পরামর্শ কেন্দ্র হিসেবে সর্বস্তরের জনগণ, সরকারি-বেসরকারি গণমাধ্যম, স্থানীয় প্রেসক্লাব, কমিউনিটি রেডিও, পর্যটন কর্পোরেশন ও প্রবাসী কল্যাণের জন্য পরস্পরের মাঝে তথ্য আদান প্রদানের ক্ষেত্র হিসেবে জনগণের ক্ষমতায়নে অনবদ্য অবদান রাখবে, প্রকল্পের তথ্যে এমনটাই জানা যায়।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ময়মনসিংহ গণপূর্ত বিভাগ। অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তা, জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের কর্মকর্তা, বিভাগীয় জেলা তথ্য অফিসের কর্মকর্তা, তথ্য অফিসের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd